বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সোমবার (১১ মে) প্রথমবার সচিবালয় নবান্নে অফিস করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রমাণিক।
এই বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।
শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিবকে ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর নিশ্চিত করা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সীমান্তের অসম্পূর্ণ কাঁটাতারের বেড়া পশ্চিমবঙ্গের নির্বাচনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, যাতে ৩১ মার্চের মধ্যে নয়টি জেলার সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হয়।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে পাঠানো একটি চিঠির বিষয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, ২০২৫ সালের ১৬ জুন চিঠিটি পাঠানো হয়েছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এটি পশ্চিমবঙ্গের জনগণ, দেশ এবং সংবিধানের সঙ্গে প্রতারণা ছিল। এখন পশ্চিমবঙ্গে জনশুমারি জরিপ শুরু হবে।
এ ছাড়াও বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পসহ প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ এবং অন্যান্য সেন্ট্রাল স্পনসরড স্কিমে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত এসেছে বৈঠকে।
একই সঙ্গে সরকারি চাকরির বয়স পাঁচ বছর বাড়ানো হয়েছে।







