মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে সম্ভাব্য গুলির ঘটনার পর দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। একই সময়ে উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্যকেও অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
একাধিক সূত্র থেকে জানা গেছে, ট্রাম্প নিরাপদে আছেন। একইভাবে ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যরাও নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
পুল রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস-এর কয়েকজন এজেন্ট অনুষ্ঠানস্থলে গুলি করা হয়েছে বলে চিৎকার করেন। অনুষ্ঠানটি ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন-এ অনুষ্ঠিত হচ্ছিল।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শুটারকে আটক করা হয়েছে এবং দ্রুত ও সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা করেন।
কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তিনি স্থান ত্যাগ করে হোয়াইট হাউসে ফিরছেন এবং শিগগিরই একটি সংবাদ সম্মেলন করবেন।








