সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষ। এবিষয়ে আপিল বিভাগের আদেশ ২৭ আগস্ট।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন।
আদালতে শম্পা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। অপর দিকে আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমানের করা এক রিটের শুনানি নিয়ে গত ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের প্রতি সম্প্রচার বন্ধের এই নির্দেশ দেওয়া হয়। এরপর বন্ধ করে দেয়া হয় সময় টেলিভিশনের সম্প্রচার। পরবর্তীতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আহমেদ জোবায়ের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। গত বুধবার আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামের চেম্বার আদালত আবেদনটি রোববার আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।
গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, গত ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়।








