বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তরে সাহস থাকলে পালিয়ে যেতেন না, দেশেই থাকতেন শেখ হাসিনা। শত নির্যাতন নিপীড়ণের পরেও কখনও দেশ ছাড়েননি খালেদা জিয়া। মহিলা ফেরাউনের পদত্যাগের পর যে স্বস্তির বাতাস বইছে দেশে, এটা ধরে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিনজনের পরিবারের সাথে সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি। এ সময় দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়।
রিজভী বলেন, সাধারণ মানুষের আত্মত্যাগে দেশ গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে সে এবং তার প্রভু ভারতের কাছে দেশ আবারো জিম্মি হবে।
তিনি আরও বলেন, পরাজিত স্বৈরাচারের দোসররা আবারও যেন মাথা চাড়া না দেয়, সেটা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে দেখতে হবে। আর সাংবাদিকরা জোরালো ভূমিকা রাখবেন, কারও চাপের মুখে মাথানত করবেন না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সবার আস্থা রয়েছে জানিয়ে সকল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব।







