সন্তানের মৃত্যুতে শারমিন সুলতানার পরিবার প্যারোলে মুক্তির আবেদন করেনি: রাশেদ খান

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেছেন, সন্তানের মৃত্যুতে শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।
তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করে তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।”
শারমিন সুলতানার গ্রেপ্তারের পর তার প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই জামিনে মুক্তির দাবি জানিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, “তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তীতে বিষয়টি আর সামনে আসেনি। আজকে ছেলেটির মৃত্যুর পরে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। আমিও ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে ব্যথিত।”
তুর্যের মৃত্যুর পর তার মাকে প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার প্রেক্ষাপটে গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলার কথা জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার ভাষ্য অনুযায়ী, গাজীপুরের ডিসি জানিয়েছেন—শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোন কল তারা পাননি।
বক্তব্যে ডিসির বরাত দিয়ে তিনি আরও বলেন, “তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তি আবেদনও করেনি। বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেননি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।”
প্যারোলে মুক্তির ক্ষেত্রে সরকারের কোনো বিধিনিষেধ ছিল না দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, “কেবলমাত্র গণমাধ্যমে খবর আসার পরে বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তুর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির আবেদন করতো, সেক্ষেত্রে মুক্তি না দিলে সরকারকে বিষয়টি নিয়ে দায়ী করতে পারতেন। এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনোভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল।”
সবশেষে তিনি মন্তব্য করেন, “তুর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করতো, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।”






