ক্রিকেট

শামীমের ফিফটিতে বাংলাদেশের ১২৪

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, খেলার মাঠে দর্শকশূন্য স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, খেলার মাঠে দর্শকশূন্য স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ওভারে দুই ওপেনারই মারলেন একটি করে বাউন্ডারি। এলো ৯ রান। আবারও ভালো শুরুর ইঙ্গিত লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে। ওপেনিং জুটি ভাঙতেই দেখা গেল বেহালদশা। উইকেট পতনের মিছিলে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। শামীম হোসেন পাটোয়ারির লড়াকু ফিফটিতে বাংলাদেশের স্কোর শেষপর্যন্ত কিছুটা ভদ্রস্থ হয়েছে। ১৯.২ ওভারে ১২৪ রান তুলে অলআউট হয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে দুইশর বেশি রান তুলে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়া বাংলাদেশ সাদা বলের শেষ লড়াইয়ে অনেকটা টেনেটুনেই একশ পার করেছে।

সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি হচ্ছে ভিন্ন উইকেটে। যেখানে ব্যাটিং করা খুব সহজ নয়। মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুযোগও কাজে লাগিয়েছেন সফরকারী বোলাররা।

আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা বাংলাদেশ বোলিং কন্ডিশনে ব্যাটিং বেছে নেয়। জমা হওয়া আত্মবিশ্বাসে বড় একটা ঝাঁকুনিই দিয়েছে আয়ারল্যান্ড, বাংলাদেশকে অল্পতে আটকে রেখে।

৪২ বলে ৫১ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন শামীম। বাঁহাতি ব্যাটারের টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫টি চার ২টি ছয়ের মার ছিল।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন ওপেনার রনি। নাসুম আহমেদ ১৩ ও তাওহিদ হৃদয় করেন ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। মার্ক অ্যাডায়ার তিনটি ও ম্যাথিউ নেন দুটি করে উইকেট।

বিষয়:চট্টগ্রাম টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড শামীম পাটোয়ারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…