আবুধাবির টি-টেন লিগে সাকিব আল হাসানের খেলার ব্যাপারটি নিশ্চিত হয়েছে অনেক আগেই। কয়েকদিন আগে ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার তাদের সাথে যোগ দিলেন মোস্তাফিজুর রহমানও।
মরুর বুকে দশ ওভারি ক্রিকেট টুর্নামেন্টের ড্রাফটে থাকছেন মোস্তাফিজ, মঙ্গলবার টি-টেনের অফিসিয়াল ফেসবুক খবরটি দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
পোস্টে লিখেছে, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস সবাই আবুধাবি টি-১০ লিগ সিজন ৬ খসড়া তালিকায় যোগ দিয়েছেন।’
২৬ সেপ্টেম্বর হবে লিগটির ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে দল পেলে জানা যাবে কাদের জার্সি পরে মাঠ মাতাবেন মোস্তাফিজ। অবশ্য এরপরও বাকি থাকবে বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার বিষয়টি।
তামিম-মোস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের সবচেয়ে ছোট এ ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটার। নাম রয়েছে রেজা হেনরিক্স, জেমস ভিন্সদেরও।
২০১৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরে দল পেয়েছিলেন মোস্তাফিজ। ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় থাকা বিসিবি সেবার টি-টেন লিগ খেলার অনাপত্তিপত্র দেয়নি তারকা পেসারকে।







