প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ ঢাকা ক্যাপিটালসের টিমের মালিকানা কিনে হইচই ফেলে দিয়েছেন শাকিব খান।
দলটি প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়লেও বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তার দল। এদিকে, শেষ ম্যাচে খুলনা টাইগার্সের সঙ্গে ঢাকার খেলায় গ্যালারির চমক হিসেবে উপস্থিত থাকবেন এই মেগাস্টার।
শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে যায়, ১ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের সঙ্গে শেষ ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটালস। দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শাকিব খান নিজেও গ্যালারিতে উপস্থিত থাকবেন।
এর আগে রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচেও শাকিব ঢাকা ক্যাপিটালসের পক্ষে গ্যালারিতে ছিলেন। পরে তিনি ‘বরবাদ’ ছবির শুটিংয়ে মুম্বাই যান। প্রায় দুই সপ্তাহ ধরে শুটিং সেরে দুদিন আগে দেশে ফিরেছেন বাংলা সিনেমার এই ‘রাজকুমার’।
এবার সময় বের করে শেষ ম্যাচ দেখতে মাঠে যাচ্ছেন এই চিত্রতারকা। এর আগে এক মন্তব্যে শাকিব খান বলেছিলেন, এবারই প্রথম আমার বিপিএলে সরাসরি যুক্ত হওয়া। এবার অনেককিছু শিখলাম। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে।








