বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে ঝড় তুলেছিল ভারত। টাইগারদের কোনো বোলারই পাত্তা পাচ্ছিলেন না জয়সওয়াল-রোহিতদের কাছে। সাকিব এসে চিত্রটা কিছুটা পাল্টে দিয়েছেন। তার জোড়া উল্লাসের পথে শিকার হয়েছেন শুভমন গিল ও রিশভ পান্ট। তার আগে অবশ্য দুই স্বাগতিক ওপেনারকে ফিরিয়েছে বাংলাদেশ।
কানপুরে ভারতের প্রথম ইনিংসের ১৮তম ওভারে সাকিব ফিরিয়ে দেন শুভমন গিলকে। লংঅফে হাসানের ক্যাচ বানান। গিল করে যান ৩৯ রান, ৪ বাউন্ডারি ও এক ছক্কায়। কিছুপর রিশভ পান্টকে ফিরিয়ে দেন সাকিব। এবারও লংঅফে ক্যাচ নেন হাসান। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ৯ রানে ফিরে যান।
প্রথম ইনিংসে চতুর্থ দিন এসে এক সেশনের একটু বেশি খেলে অলআউট হয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের সেঞ্চুরির পর অন্যদের আসা-যাওয়ার মাঝে রানের খাতা খুব বেশিদূর এগোয়নি টিম টাইগার্সের, অলআউট হয়েছে ২৩৩ রানে।
প্রথমদিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে জুটির ফিফটি করা মুমিনুল এদিন সেঞ্চুরি তুলে নেন। তিনি ক্রিজে ছিলেন ২৯৮ মিনিট, খেলেছেন ১৯৪ বল। ১৭টি বাউন্ডারি এবং একটি ছয়ের মারে অপরাজিত থাকেন ১০৭ রানে।








