দুই মৌসুম পর সিপিএলে দল পেলেন সাকিব

সাকিব আল হাসান সিপিএলে নতুন দল পেয়েছেন, তিনি ক্রিকেট জার্সিতে, পেছনে লাল ও কালো ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুই মৌসুম পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটির ১৩তম আসরের জন্য টাইগার কিংবদন্তিকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবুডা ফ্যালকন্সের হয়ে সাকিবের খেলার কথা জানিয়েছে সিপিএল। প্লেয়ার্স ড্রাফট থেকে টাইগার অলরাউন্ডারকে দলে নিয়েছে গতআসর থেকে সিপিএলে যাত্রা শুরু করা ফ্র্যাঞ্চাইজিটি।
সিপিএলে এপর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন সাকিব। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস, ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াস এবং সবশেষ ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন।
২০১৩ সালে বার্বাডোজের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সেটি সাকিবের ক্যারিয়ারের পাশাপাশি সিপিএলে এপর্যন্ত সেরা বোলিংয়ের রেকর্ড। ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে সবমিলিয়ে ৩৬ ম্যাচে ৪৪৮ রান করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন ৩৭ উইকেট।
আগামী ১৪ আগস্ট পর্দা উঠবে সিপিএলের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।






