চলতি মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান সাকিব আল হাসান। সেই স্বপ্নপূরণে বাধা রাজনৈতিক পরিস্থিতি ও একটি হত্যা মামলা। তবে একজন খেলোয়াড় হিসেবে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেয়ার কথা জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টেস্টে সাকিবকে ঘরের মাঠ থেকেই বিদায় দিতে চান যুব ও ক্রীড়া উপদেষ্টা।
শারজায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে সাকিব প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন, ‘তিনি এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান আছে। যেহেতু তিনি বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান।’
‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেবো। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’
এর আগে সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কয়েকদিন আগে শেয়ার বাজারে কারসাজির জন্য তাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।







