যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে সংশয় দূর করেছেন সাকিব আল হাসান। পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শেষ তিন ম্যাচে খেলবেন, জানিয়েছেন টাইগার অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্ট থেকে জোরাজুরি না থাকায় সিরিজের আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচেও।
‘আমি অবশ্যই জিম্বাবুয়ে সিরিজ খেলব। কোচ আমাকে শুধু দুটি ম্যাচ খেলতে বলেছেন। তারপর নির্বাচক ও অধিনায়কের সঙ্গে আলোচনার পর তারা আমাকে তিনটি ম্যাচ খেলতে বলেছিল। আমি বললাম কোনো সমস্যা নেই।’
‘জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ৩ টি-টুয়েন্টির আগে আমার দুটি ডিপিএল ম্যাচ হবে। তাই দুটি ডিপিএল ম্যাচ খেলার সুযোগ থাকবে। প্রস্তুতিও ভালো হবে।’
আগামী ৩মে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ। আইপিএল খেলতে ভারতে থাকা মোস্তাফিজুর রহমানকে শুরুর ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। ২মে দেশে ফেরার পর আগে দেখা হবে বাঁহাতি পেসারের ফিটনেসের অবস্থা।
সিরিজ শুরুর আগে শুক্রবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাম্প করবে প্রাথমিক দলে ডাক পাওয়া ১৭ ক্রিকেটার। সাকিব ও মোস্তাফিজকে ক্যাম্পের বাইরে রাখা হয়েছে।







