আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মিত হলো বিশেষ নাটক ‘প্রতিচ্ছবি’। যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শেহতাজ। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এবং সানজিদ খান প্রিন্সের পরিচালনায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা জানান, সম্পূর্ণ ট্রেন্ডি ঘরানার গল্প ‘প্রতিচ্ছবি’। সানজিদ খান প্রিন্স মনে করেন, সাজ্জাদ-শেহতাজ জুটির অন্য কাজগুলোর মধ্যে এই গল্পটি একটু ভিন্ন ধরনের। এই গল্পের পরতে পরতে রয়েছে বেশ কিছু সুইট লাভ মোমেন্ট যা প্রেমিক হৃদয়ের দর্শকদের আন্দোলিত করবে।
ইরফান সাজ্জাদ বলেন, ‘সানজিদ খান প্রিন্স ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ হলেও আমাদের মধ্যে শৈল্পিক বোঝাপড়ার কোনো ঘাটতি ছিল না। নির্মাতা ও তার কর্মতৎপর টিমের দুর্দান্ত পারফর্মেন্সে আমি সত্যিই মুগ্ধ।
শেহতাজ বলেন, ‘‘প্রতিচ্ছবি’ খুবই উপভোগ্য একটি নাটক। দর্শক দেখে মজা পাবেন। আমরা সবাই একটি টিম হয়ে কাজটি করেছি। ভালো একটা নাটক উপহার দেয়াই আমাদের লক্ষ্য ছিল।
স্বপ্নঘুড়ি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিচ্ছবি’ নাটকে ইরফান সাজ্জাদ, শেহতাজ ছাড়াও অভিনয় করেছেন মৌ শিখা, মৌমি শেখ, কবির টুটুল, হেলাল উদ্দিন পারভেজ, তানভীর তপু, সুরাইয়া তাসনিম প্রমুখ।







