প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে এসে ডোপিং কেলেঙ্কারির তথ্য মিলল। নিষিদ্ধ হলেন দুই অ্যাথলেট। ইরাকি জুডোকার সাজ্জাদ সেহেন এবং নাইজেরিয়ার বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরেকে নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএসএ) এ তথ্য জানিয়েছে।
ডোপিং পরীক্ষা দুই অ্যাথলেটের বিরুদ্ধে নেতিবাচক ফলাফল পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে তাদের নিষিদ্ধ রাখা হয়েছিল। চূড়ান্ত ফলাফল তাদের বিরুদ্ধেই গেছে, যা নেতিবাচক। এতে প্যারিস অলিম্পিকে আর অংশ নিতে পারবেন না তারা।
২৭ জুলাই আসরের প্রথমদিনে ডোপ টেস্টে পজিটিভ আসেন জুডোকার সাজ্জাদ সেহেন। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ) জানায়, সাজ্জাদের নমুনায় নিষিদ্ধ মেটানডিয়েনান এবং বোল্ডেনন পাওয়া গেছে। ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি (ওয়াডা) দুটি ড্রাগকেই নিষিদ্ধ তালিকায় রেখেছে।
আসরের দ্বিতীয় দিনে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করে সাময়িকভাবে নিষিদ্ধ হন নাইজেরিয়ার সিনথিয়া। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি জানায়, সিনথিয়ার থেকে সংগ্রহ করা নমুনায় মূত্রবর্ধক ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়া গেছে। ফুরোসেমাইড একটি মাস্কিং এজেন্ট যা শরীরে অন্য ওষুধের উপস্থিতি লুকাতে সক্ষম।








