নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
এদিকে, বুধবার (১৮ নভেম্বর) রাতে বাগেরহাটের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ি। শহরের হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়।

এ ছাড়া ফকিরহাট উপজেলায় মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। একই রাতে মোড়েলগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জেলায় বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুরো জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, নিরাপত্তার কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।





