বাংলাদেশ

শহীদ জায়া ও সাবেক সাংসদ পান্না কায়সার মারা গেছেন

পান্না কায়সার একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ, চ্যানেল আই অনলাইনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ পান্না কায়সার, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট লেখক, সমাজসেবক, রাজনীতিবিদ ও সাবেক সাংসদ শিশু সংগঠক পান্না কায়সার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউ’ন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ৪ আগস্ট সকালে মারা যান তিনি।

তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারে স্ত্রী ছিলেন। তিনি অভিনেত্রী শমী কায়সারের মা। এছাড়া পান্না কায়সার বাংলাদেশের একজন ঔপন্যাসিক, গবেষক ও জাতীয় সংসদের সাবেক সাংসদ। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

প্রথম জানাজার নামাজ আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

তবে বিশিষ্ট এই লেখকের  প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্ৰীয় শহীদ মিনারে রাখা হবে। এর ব্যবস্থাপনায় থাকবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

জানা যায়, ১৭ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে শহীদুল্লাহ কায়সার এর সাথে তার বিয়ে হয়। সেদিন ঢাকা শহরে কারফিউ ছিল। পুরো দেশ তখন গণআন্দোলনে উত্তাল। শহীদুল্লাহ কায়সার এর হাত ধরে তার পরিচয় আধুনিক সাহিত্যের সাথে, রাজনীতির সাথে। তার সংসার জীবন স্থায়ী হয় মাত্র দু’বছর ১০ মাসের মত। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা শহীদুল্লা কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি।

এরপর পান্না কায়সার একা হাতে মানুষ করেন তার দু’সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে। এছাড়াও তিনি ১৯৭৩ সাল থেকে শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০-তে তিনি এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পান্না কায়সার ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাংসদ ছিলেন।

পান্না কায়সার ২৫ মে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। তার স্বামী শহীদুল্লা কায়সার একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিক ছিলেন।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

বিষয়:পান্না কায়সার পান্না কায়সারের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…