রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
আজ (২০ জুলাই) সোমবার পল্লবী থানা পুলিশের অনুরোধের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মোহাম্মদ সাহেদ করিম এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডিত হন। ২০২৩ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় তাকে তিন বছরের কারাদণ্ড দেন।
করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। অভিযানের পর সাহেদ আত্মগোপনে চলে যান।
পরে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সেই ঘটনার পর একাধিক মামলায় তিনি আলোচনায় আসেন। সর্বশেষ পল্লবী থানার একটি মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে আবারও তাকে গ্রেপ্তার করা হলো।







