ভক্তদের সঙ্গে আন্তরিক আচরণ করার জন্যও তার সুনাম রয়েছে শাহরুখের। সম্প্রতি রেডইট-এ শেয়ার করা তেমনই এক পুরনো ঘটনা নতুন করে আলোচনায়।
এক ভক্ত রেডইটে শেয়ার করেছেন তার মায়ের শাহরুখের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের ঘটনা। লিখেছেন, ‘তাকে দেখে আমার মা প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন উত্তেজনায়। শাহরুখের টিম তাকে ঘিরে ছিল, কিন্তু তিনি একজনকে পাঠিয়েছেন আমার মা ঠিক আছেন কিনা জানার জন্য। অনুষ্ঠান শেষ করে তিনি মায়ের কাছে আসেন। মা তাকে জানান ঘরে প্রথম টিভি আসার পরে প্রতিদিন শাহরুখের জন্যই ফৌজি দেখতেন, প্রথমবার তার ছবি হলে গিয়ে দেখা এবং এরপর প্রতিটি সিনেমাই দেখার কথা। মা জানান, শাহরুখ তার সবচেয়ে পছন্দের অভিনেতা।’
ভক্ত আরও লিখেছেন, ‘মায়ের সঙ্গে যতক্ষণ কথা হয়েছে শাহরুখ হাসিমুখে ছিলেন এবং বিনয়ের সাথে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মাকে জড়িয়ে ধরেছেন। পরিবারের বাকি সদস্যদের হ্যালো বলেছেন এবং এরপর তার অপেক্ষায় থাকা বাকি ভক্তদের কাছে গিয়েছেন। তিনি খুব লম্বা নন, খুব যে নজর কাড়া সুন্দর তাও নয়। কিন্তু মতো চার্মিং আর কেউ নন। আপনি রুমের যেখানেই থাকেন না কেন, তার উপস্থিতি আপনি উপভোগ করতে বাধ্য। তিনি সবাইকে হাসিয়েছেন, সবার নজর ছিল তার দিকে। তিনি এত এনার্জি কীভাবে পান সেটা ভাবছিলাম আমি।’
ভক্ত জানান, এই ঘটনার আগে তিনি শাহরুখের ভক্ত ছিলেন না। তবে সেদিনের পর থেকে তিনি শাহরুখের বড় ভক্ত। শাহরুখকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার মায়ের দিনটি স্মরণীয় করার জন্য, সেই দিনটির কথা তার মা এখনও সবাইকে বলেন।
সূত্র: কইমই







