সম্প্রতি ইতালিতে সম্পন্ন হয়েছে আম্বানি পুত্র অনন্ত ও হবু বউমা রাধিকার তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং সেলিব্রেশন। এক ঝাঁক বলিউড তারকার মাঝে দ্বিতীয় প্রি-ওয়েডিং উৎসবে সপরিবারে হাজির হয়েছিলেন শাহরুখ খান।
আইপিএল ফাইনালের ঠিক আগে অসুস্থ হয়ে পড়ায় শাহরুখ আদৌ ইতালি উড়ে যাবেন কিনা সেই নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই, তবে আম্বানি পরিবারের খুশিতে সামিল হতে ভোলেননি কিং খান।
তবে অনুষ্ঠান থেকে শাহরুখের ছবি ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু নয়া হইচই। স্যুট-ব্যুট আর লম্বা চুলে শাহরুখকে দেখে অনেকেই ‘পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন।
শাহরুখ খান নীল স্যুটের উপর সাদা স্কার্ফ পরেছিলেন। চোখে ছিল চশমা। কিং খানের চোখ ছাপিয়ে ঝোলা সামনের চুল, থুতনির কাছের ছোট্ট এবং মোটা গোঁফ থেকে ভক্তদের জনি ডেপের কথা মনে পড়েছে। কেউ কেউ হাসাহাসিও করেছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘জনি ডেপের পাকিস্তানি সংস্করণ। একজন লিখেছেন, ‘শাহরুখ কি জনি ডেপের মতো দেখতে হওয়ার চেষ্টা করছেন? বাজে লাগছে, অসুস্থ দেখাচ্ছে’।
আম্বানিদের পার্টির একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে পারফর্ম করতেও দেখা যায়। তার পাশে বসেছিলেন ছোট ছেলে আব্রামও। আরেকটি ক্লিপে বাবা-ছেলের সঙ্গে দেখা গেছে অভিনেতা রণবীর কাপুরকে। শাহরুখ খান এবং ইন্টেরিয়র ডিজাইনার-স্ত্রী গৌরী খানের মেয়ে সুহানা খানও আম্বানিদের প্রি-ওয়েডিং উৎসব থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
এর আগে মার্চের শুরুর দিকে গুজরাটের জামনগরে তিন দিনের প্রাক-বিবাহ উদযাপন করেন আম্বানিরা। দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে বিলাসবহুল ক্রুজে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ উৎসব সুসম্পন্ন হল। তাদের বিয়ে সম্পন্ন হবে আগামী ১২ জুলাই।-কইমই







