৪ বছরের বিরতি কাটিয়ে গেল বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। আর এসেই হ্যাটট্রিক হিট উপহার দেন সিনেমাপ্রেমীদের!
বছরের শুরুতে ‘পাঠান’ জ্বরে কাবু করেন ভক্তদের। এরপর ‘জওয়ান’ ঝড়ে বক্স অফিসে আগুন লাগিয়ে ক্যামিওতে ‘টাইগার-৩’ এ দেখা দেন অভিনেতা। বছরের শেষে বড়দিনে ‘ডানকি’ দিয়ে বছর শেষ করেন কিং খান। প্রতিটি সিনেমাই বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও অর্জন করে। কিন্তু নতুন বছরে আর কোনো সিনেমার ঘোষণা দেননি শাহরুখ।
সম্প্রতি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ। আর সেই মঞ্চেই নিজের ফিল্ম ক্যারিয়ারের সার্বিক চড়াই-উতরাই, নিজের দর্শন সবকিছু নিয়ে কথা বললেন। সেইসাথে দারুণ এক ঘোষণা দিলেন বলিউড কিং। নিজের ক্যারিয়ারের শেষ সিনেমা কেমন হবে, তার সংকেত দিলেন তিনি।
মঞ্চে শাহরুখ জানান, তিনি সামনে আরও ৩০ থেকে ৩৫ বছর অভিনয় করে যেতে চান। তবে শেষ সিনেমায় তিনি স্পেশাল কোনো চরিত্রে আসতে চান পর্দায়, যেন সিনেমাপ্রেমীরা তাকে মনে রাখে অনেকদিন।
তবে দর্শকদের কাছে তিনি একটি অনুরোধ করে বসেন। তাদেরকে উর্দু ও আরবি শিখতে বলেন তিনি। এর কারণ হিসেবে জানান, তিনি চান তার শেষ ছবিটি বিশ্বব্যাপী বড় পরিসরে মুক্তি পাক এবং সারা বিশ্বের দর্শক যেনো সেটি উপভোগ করতে পারে। – বলিউড লাইফ








