পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলের ভূঞাপুরের পৌরসভায় ভয়াবহ জলাবদ্ধতায় অধিকাংশ বাসাবাড়িতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। এতে তলিয়ে গেছে প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ পাড়া-মহল্লার রাস্তাঘাট।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) মধ্যে রাত থেকে একটানা বৃষ্টি শুরু হলে ভোগান্তির মধ্যে পড়তে হয় পৌরবাসীকে। হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বৃষ্টির পানি প্রবেশ করায় মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। এদিকে পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ভোগান্তির মাত্রা চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, ৯টি ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি ভোগান্তি মধ্যে পড়েছে পৌরসভার প্রধান শহর ৪ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পানি প্রবেশ করায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তাদের।
এ বিষয়ে ঘটান্দী গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, পৌর কর্তৃপক্ষের নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থার মধ্যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছাড়াই অপরিকল্পিত নগরায়নের ফলে সব সময় জলাবদ্ধতার জন্য ভোগান্তি পোহাতে হয়। আমার ফ্রিজ ও অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।

ভূঞাপুর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, শহর থেকে পানি বের হওয়ার কোনো জায়গা নাই। তাই স্কুল ও কলেজের মাঠ হয়ে সেই পানি দোকানে প্রবেশ করে মালামাল নষ্ট হয়ে গেছে। এমন মাঝে মাঝেই হয় কিন্তু দেখার কেউ নাই।
এসব বিষয়ে ভূঞাপুর পৌরসভার প্রকৌশলীর সুকমল রায় এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।







