বিনোদন

হ্যালোইনে ভয় পেতে ঘরে বসেই দেখতে পারেন যে ১০ সিনেমা

হ্যালোইনে ভয় পেতে ঘরে বসেই দেখতে পারেন যে ১০ সিনেমা

ক্রিসমাসের আগে আমেরিকার সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। পাশ্চাত্য ও প্রাচ্যে মৃত আত্মাদের স্মরণে পালিত হয় এ দিবস। প্রতি বছরের ৩১ অক্টোবর এই দিনে নানারকম ভৌতিক সাজে সেজে উঠে মানুষ। চকলেট এবং মিষ্টি খাবার বিলি করা হয়। মানুষ বেড়াতে যায় ভূতের বাড়িতে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে এই উৎসবটি।

হ্যালোইন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি দেয়া হয় ভৌতিক সিনেমাও। অনেকেই আবার বাড়িতে বসে ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন। সাম্প্রতিক মুক্তি পাওয়া চলচ্চিত্র থেকে শুরু করে আলোচিত মনস্তাত্ত্বিক হরর- বিভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত সিনেমাগুলো আকর্ষণ করছে দর্শকদের।

স্ট্রিমিং অ্যানালিটিকস প্রতিষ্ঠান ‘জাস্ট ওয়াচ’ বিভিন্ন বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আগ্রহ ও দর্শক সম্পৃক্ততার তথ্য বিশ্লেষণ করে ২০২৬ সালের হ্যালোইন মৌসুমে জনপ্রিয় হরর সিনেমার একটি তালিকা তৈরি করেছে। এতে রয়েছে স্ল্যাশার ঘরানার সিক্যুয়েল, স্বাধীন চলচ্চিত্র এবং অতিপ্রাকৃত ও মনস্তাত্ত্বিক ভয়ের গল্প। তালিকায় থাকা ১০টি সিনেমার পরিচিতি তুলে ধরা হলো :

১. প্যাসেঞ্জার (২০২৬)

আন্দ্রে ওভরেডালের পরিচালনায় নির্মিত ‘প্যাসেঞ্জার’-এর গল্প আবর্তিত হয়েছে এক তরুণ যুগলকে ঘিরে। ভ্যানে করে দীর্ঘ সড়কযাত্রায় বের হওয়া এই যুগল নির্জন মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার স্থানে থামে। এরপর অজান্তেই তাদের সঙ্গে যুক্ত হয়ে যায় এক অশুভ শক্তি। পুরো যাত্রাপথে সেই অতিপ্রাকৃত সত্তা তাদের অনুসরণ করতে থাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাকব স্কিপিও, লু লোবেল ও মেলিসা লিও। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় মুক্তি পাওয়া ছবিটি প্রেক্ষাগৃহের পর স্ট্রিমিংয়েও দর্শকদের আগ্রহ অর্জন করেছে।

২. এভিল ডেড বার্ন (২০২৬)

স্যাম রাইমির জনপ্রিয় ‘এভিল ডেড’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমা ‘এভিল ডেড বার্ন’। ছবিটি পরিচালনা করেছেন সেবাস্তিয়ান ভানিচেক। গল্পে দেখা যায়, স্বামীকে হারানোর শোক কাটিয়ে উঠতে না পারা এক নারী প্রয়াত স্বামীর পরিবারের সঙ্গে সময় কাটাতে নির্জন গ্রামাঞ্চলের একটি বাড়িতে যান। কিন্তু সেখানে প্রাচীন এক অশুভ শক্তি জেগে ওঠায় পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা একে একে অতিপ্রাকৃত শক্তির প্রভাবে আক্রান্ত হতে থাকেন। অভিনয় করেছেন সুহেইলা ইয়াকুব, হান্টার ডুহান, লুসিয়ানে বুকানান ও ট্যান্ডি রাইট। ঘোস্ট হাউস পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিবেশনা করেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স।

৩. Soulm8te (২০২৬)

‘M3GAN’ সিনেমার প্রযুক্তিনির্ভর হরর জগতের সঙ্গে যুক্ত ‘Soulm8te’। কেট ডোলান পরিচালিত ছবিটির প্রযোজক জেমস ওয়ান ও জেসন ব্লাম। সিনেমার গল্পে স্ত্রীকে হারিয়ে শোকে মুহ্যমান এক প্রকৌশলী মানসিক সঙ্গ পাওয়ার আশায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি উন্নত রোবট কিনে আনেন। রোবটটির মধ্যে মানুষের মতো আবেগ তৈরি করতে গিয়ে তিনি এর প্রোগ্রামিংয়ে পরিবর্তন আনেন। কিন্তু একসময় রোবটটির ভালোবাসা ভয়ংকর ও নিয়ন্ত্রণহীন আসক্তিতে পরিণত হয়। এতে অভিনয় করেছেন ডেভিড রাইসডাল ও লিলি সুলিভান। ডিজিটাল ভিডিও-অন-ডিমান্ডে মুক্তির পর সিনেমাটি দর্শকদের আলোচনায় জায়গা করে নেয়।

৪. রেডি অর নট: হিয়ার আই কাম (২০২৬)

ম্যাট বেটিনেলি-ওলপিন ও টাইলার জিলেট পরিচালিত ‘রেডি অর নট: হিয়ার আই কাম’ ২০১৯ সালের ‘রেডি অর নট’ সিনেমার সিক্যুয়েল। আগের সিনেমায় বিয়ের রাতের ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেঁচে ফেরা গ্রেসকে ঘিরেই নতুন গল্প। এবার সে জানতে পারে, প্রতিদ্বন্দ্বী অভিজাত পরিবারগুলোর আয়োজন করা আরও বড় এক প্রাণঘাতী খেলায় তাকে অংশ নিতে হবে। বিচ্ছিন্ন হয়ে থাকা বোন ফেইথের সঙ্গে আবারও মিলিত হয় গ্রেস। এরপর একটি বিলাসবহুল রিসোর্টে জীবন বাঁচানোর পাশাপাশি প্রাচীন এক পরিষদের সর্বোচ্চ আসন দখলের লড়াইয়ে নামতে হয় তাকে। সামারা উইভিং আবারও গ্রেস চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি রয়েছেন ক্যাথরিন নিউটন, সারা মিশেল গেলার, ডেভিড ক্রোনেনবার্গ ও এলিজা উড।

৫. স্ক্রিম ৭ (২০২৬)

দীর্ঘদিনের জনপ্রিয় স্ল্যাশার ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম’-এর সপ্তম সিনেমা ‘স্ক্রিম ৭’। ছবিটি পরিচালনা করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মূল চিত্রনাট্যকার কেভিন উইলিয়ামসন। এবারের গল্পে সিডনি প্রেসকট শান্ত এক শহরতলিতে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু নতুন করে ঘোস্টফেসের আবির্ভাব ঘটে। এবার তার লক্ষ্য সিডনির কিশোরী মেয়ে ট্যাটাম। মেয়েকে রক্ষা করতে সিডনিকে আবারও অতীতের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সিনেমাটিতে সিডনি চরিত্রে ফিরেছেন নেভ ক্যাম্পবেল। এ ছাড়া রয়েছেন কোর্টনি কক্স ও ইসাবেল মে। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি স্ট্রিমিংয়েও দর্শক টেনেছে।

৬. সেন্ড হেল্প (২০২৬)

স্যাম রাইমি পরিচালিত ‘সেন্ড হেল্প’ একটি কমেডি-সারভাইভাল হরর সিনেমা। গল্পের কেন্দ্রে রয়েছেন লিন্ডা লিডল নামের এক অবহেলিত করপোরেট কর্মকর্তা। ব্যক্তিগত বিমান দুর্ঘটনার পর তিনি তার ঔদ্ধত্যপূর্ণ প্রধান নির্বাহী কর্মকর্তা ব্র্যাডলি প্রেস্টনের সঙ্গে একটি জনমানবহীন গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে আটকা পড়েন। সেখানে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করতে গিয়ে তাদের কর্মক্ষেত্রের সম্পর্কের সমীকরণ বদলে যায়। একপর্যায়ে দুজনের মধ্যে শুরু হয় মনস্তাত্ত্বিক ও শারীরিক সংঘাত। লিন্ডা চরিত্রে অভিনয় করেছেন র‍্যাচেল ম্যাকঅ্যাডামস এবং ব্র্যাডলি চরিত্রে রয়েছেন ডিলান ও’ব্রায়েন। ড্যামিয়ান শ্যানন ও মার্ক সুইফটের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনা করেছে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস।

৭. টিনএইজ সেক্স এণ্ড ডেথ এট ক্যাম্প মিয়াসমা (২০২৬)

'Teenage Sex and Death at Camp Miasma' (2026)জেন শোনব্রুনের লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমাটি আশির দশকের গ্রীষ্মকালীন ক্যাম্পভিত্তিক স্ল্যাশার সিনেমার প্রচলিত গল্প ও চরিত্রের ধরনকে নতুনভাবে তুলে ধরেছে। গল্পে দেখা যায়, এক স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে কাল্পনিক ‘ক্যাম্প মিয়াসমা’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অবহেলিত এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নির্মাণ করতে গিয়ে তিনি মূল ছবির একজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে পড়েন। সেই অভিনেত্রীই ছিলেন প্রথম সিনেমার শেষ পর্যন্ত বেঁচে যাওয়া চরিত্র। হান্না আইনবাইন্ডার ও গিলিয়ান অ্যান্ডারসন অভিনীত সিনেমাটিতে শিল্পীসত্তা, পরিচয় ও মনস্তাত্ত্বিক ভয়ের বিষয়গুলো উঠে এসেছে। কান চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পাওয়ার পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

৮. হোকাম (২০২৬)

ড্যামিয়ান ম্যাকার্থির লেখা ও পরিচালনায় নির্মিত ‘হোকাম’ একটি মনস্তাত্ত্বিক ফোক-হরর সিনেমা। নিয়ন পরিবেশিত ছবিটির গল্পের কেন্দ্রে রয়েছেন ওম বাউম্যান নামের এক নিভৃতচারী ঔপন্যাসিক। মৃত বাবা-মায়ের দাহ করা দেহাবশেষ ছড়িয়ে দিতে তিনি আয়ারল্যান্ডের একটি নির্জন গ্রামীণ সরাইখানায় যান। সেখানে অবস্থানকালে জানতে পারেন, ভবনটির হানিমুন স্যুটে এক ভয়ংকর ডাইনি বসবাস করে বলে স্থানীয়দের বিশ্বাস। এরপর অস্বাভাবিক কিছু ঘটনা ও একজনের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় লেখক নিজের অতীতের অমীমাংসিত মানসিক যন্ত্রণার মুখোমুখি হন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট।

৯. ব্যাকরুমস (২০২৬)

কেন পারসনস পরিচালিত এবং উইল সুডিকের চিত্রনাট্যে নির্মিত ‘ব্যাকরুমস’ ইন্টারনেটে জনপ্রিয় একটি শহুরে কিংবদন্তি ও ওয়েব সিরিজ অবলম্বনে তৈরি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। গল্পে দেখা যায়, ক্লার্ক নামের এক আসবাবপত্রের দোকানমালিক নিজের বেসমেন্টের দেয়ালের পেছনে অসীম ও পরস্পর সংযুক্ত হলুদ রঙের অফিসকক্ষের এক রহস্যময় জগতে প্রবেশের পথ খুঁজে পান। সেখানে প্রবেশের পর তিনি নানা প্রতিকূল সত্তার মুখোমুখি হন। অন্যদিকে অ্যাসিঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করতে থাকেন। সিনেমাটিতে অভিনয় করেছেন চিওয়েটেল ইজিওফর, রেনাতে রেইনসভ ও মার্ক ডুপ্লাস। এ২৪ পরিবেশিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর স্ট্রিমিংয়েও আলোচনায় আসে।

১০. অবসেশন (২০২৬)

কারি বার্কার পরিচালিত, লিখিত ও সম্পাদিত ‘অবসেশন’ একটি অতিপ্রাকৃত হরর সিনেমা। ব্লামহাউস প্রযোজিত এবং ফোকাস ফিচার্স পরিবেশিত ছবিটির গল্পে রয়েছেন বেয়ার নামের এক সাধারণ দোকানকর্মী। তিনি এক রহস্যময় বস্তু ব্যবহার করে নিজের একতরফা ভালোবাসার মানুষ নিক্কিকে তার প্রেমে সম্পূর্ণভাবে আবদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা পূরণ হলেও নিক্কির ভালোবাসা দ্রুত নিয়ন্ত্রণহীন ও ভয়ংকর আসক্তিতে রূপ নেয়। এতে আশপাশের সবার জন্য বিপদের সৃষ্টি হয়। সিনেমাটিতে অভিনয় করেছেন মাইকেল জনস্টন ও ইন্দে নাভারেট। মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করা ছবিটি হ্যালোইন মৌসুমে স্ট্রিমিং তালিকার শীর্ষস্থান দখল করেছে।

অতিপ্রাকৃত আতঙ্ক, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপজ্জনক দিক, রহস্যময় পরিবেশ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন—সব মিলিয়ে ২০২৬ সালের হ্যালোইন মৌসুমের হরর সিনেমার তালিকায় রয়েছে নানা ধরনের গল্প। পরিচিত ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির পাশাপাশি ভিন্নধর্মী কাহিনির সিনেমাগুলোও দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। কমিকবেসিকস

বিষয়:অবসেশন নিড হেল্প ব্যাকরুমস স্ক্রিম ৭ স্ট্রিমিং হরর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…