আন্তর্জাতিক

পোশাকবিধিতে আটকে গিয়েছিল চাকরি, ২৬ বছর পর সেই প্রতিষ্ঠানেরই সিইও

পোশাকবিধিতে আটকে গিয়েছিল চাকরি, ২৬ বছর পর সেই প্রতিষ্ঠানেরই সিইও

ছবি: সংগৃহীত

চাকরির কঠোর পোশাকবিধির কারণে একসময় বিশ্বের অন্যতম প্রসাধনী বিক্রেতা প্রতিষ্ঠান সেফোরার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আর্টেমিস প্যাট্রিক। তখন শিক্ষার্থী থাকায় প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক কেনার সামর্থ্য ছিল না তার। অথচ ২৬ বছর পর সেই সেফোরারই উত্তর আমেরিকা অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে আর্টেমিস প্যাট্রিকের এই ব্যতিক্রমী কর্মজীবনের গল্প।

সম্প্রতি ‘হাউ লিডারস লিড’ পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন প্যাট্রিক। ১৯৯৮ সালে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে এমবিএ করার সময় তিনি ডিএফএস নামের একটি ডিউটি-ফ্রি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে যান। সেখানে তখন শুধু তামাকজাত পণ্যের বিভাগে নিয়োগ চলছিল। বিষয়টি পছন্দ না হওয়ায় অন্য কোনো বিভাগে কাজের সুযোগ আছে কি না, জানতে চান তিনি।

পরে এক বন্ধুর মাধ্যমে এলভিএমএইচের অধীন প্রসাধনী বিক্রেতা প্রতিষ্ঠান সেফোরায় চাকরির সুযোগের কথা জানতে পারেন। সে সময় এলভিএমএইচ সম্প্রতি প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে।

সেফোরায় পরিকল্পনা বিভাগের প্রাথমিক পর্যায়ের একটি পদে নিয়োগ চলছিল। তবে প্রতিষ্ঠানটির কঠোর পোশাকবিধি প্যাট্রিকের জন্য বাধা হয়ে দাঁড়ায়। নিয়ম অনুযায়ী, কর্মীদের কালো, সাদা কিংবা ধূসর রঙের পোশাক পরতে হতো। কিন্তু তার পোশাকের সংগ্রহে ছিল নানা নকশার রঙিন পোশাক। নতুন করে একাধিক একরঙা পোশাক কেনার সামর্থ্যও ছিল না তার।

এ কারণে শেষ পর্যন্ত সেফোরার চাকরির প্রস্তাব ফিরিয়ে দেন প্যাট্রিক। পরে এলভিএমএইচের আরেক প্রতিষ্ঠান ডিএফএসে যোগ দেন। সেখানে প্রথমে তামাকজাত পণ্যের বিভাগে কাজ করলেও পরে ওয়াইন ব্যবসার সঙ্গে যুক্ত হন। এ কাজের সুবাদে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পান।

ডিএফএসে কাজের অভিজ্ঞতাকে নিজের জন্য অসাধারণ সুযোগ হিসেবে বর্ণনা করেছেন প্যাট্রিক। তবে সেফোরার সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয় ২০০৬ সালে। প্রতিষ্ঠানটির বর্তমান মার্চেন্ডাইজিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিন বোজানোস্কির সুপারিশে আবারও সেফোরায় যোগ দেওয়ার সুযোগ পান তিনি।

মজার বিষয় হলো, এবারও তাকে সাক্ষাৎকার দিতে হয় সেই মানবসম্পদ কর্মকর্তার কাছে, যাঁর কাছে আট বছর আগে চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তখনো সেফোরার পোশাকবিধিতে খুব বেশি পরিবর্তন আসেনি। তবে অনুমোদিত পোশাকের রঙের তালিকায় যুক্ত হয়েছিল লাল। কর্মীদের আরও বেশি রঙের পোশাক পরার অনুমতি দিতে প্রতিষ্ঠানটির আরও ছয় থেকে সাত বছর সময় লেগেছিল বলে জানান প্যাট্রিক।

সেফোরায় যোগ দেওয়ার আগে রেস্টোরেশন হার্ডওয়্যার এবং পিটস কফি অ্যান্ড টিতে কাজ করেছেন তিনি। ২০০৬ সালে সেফোরায় ফেরার পর টানা ১৮ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ধীরে ধীরে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন।

অবশেষে ২০২৪ সালের এপ্রিলে সেফোরার উত্তর আমেরিকা অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান আর্টেমিস প্যাট্রিক। একই বছরের জুলাইয়ে এলভিএমএইচের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তার কাজের প্রশংসাও করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তার নেতৃত্বের ধরন গড়ে তুলতে ভূমিকা রেখেছে। প্যাট্রিক মনে করেন, একটি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য বৈচিত্র্যময় কর্মীদল গড়ে তোলা জরুরি। একই সঙ্গে কর্মীদের অপ্রয়োজনীয় চাপ ও বাধা থেকে মুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

পডকাস্টে তিনি বলেন, বৈচিত্র্যময় কর্মীদল গড়ে তোলায় তিনি বিশ্বাস করেন। একজন নেতা হিসেবে তার দায়িত্ব হলো কর্মীদের অপ্রয়োজনীয় চাপ ও ঝামেলা থেকে সুরক্ষা দেওয়া এবং যেসব সমস্যার সমাধান তার নিজের করার কথা, সেগুলোর দায়িত্ব নেওয়া।

বিষয়:আর্টেমিস প্যাট্রিক প্রসাধনী সিইও সেফোরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…