বাংলাদেশ

চিত্রশিল্পী ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

প্রয়াত চিত্রশিল্পী ভাস্কর হামিদুজ্জামান খান এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রশিল্পী ভাস্কর হামিদুজ্জামান খান এর ছবি, যিনি আর নেই, বাংলা শিল্পের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

রোববার (২০ জুলাই) আজ সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

হামিদুজ্জামান খান ডেঙ্গু ও নিউমোনিয়ায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ভাস্কর আইভি জামান, দুই পুত্র ও দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি নেন।

তার উল্লেখযোগ্য ভাস্কর্য শিল্পের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংসপ্তক’,  মিরপুর-১ গোল চত্তরে ‘কিংবদন্তি’।

হামিদুজ্জামান খান ভাস্কর্যের পাশাপাশি জলরঙ, তেলরঙ, অ্যাক্রিলিক, স্কেচ মাধ্যমে সমানতালে কাজ করেছেন। ‘জাগ্রতবাংলা’, ‘বিজয় কেতন’ আর ‘স্বাধীনতা চিরন্তন’, এর মত মুক্তিযুদ্ধভিত্তিক বহু ভাস্কর্যের স্রষ্টা তিনি।

১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে তিনি ‘জাগ্রত চৌরঙ্গী’ নির্মাণে কাজ করেন। জয়দেবপুর চৌরাস্তায় এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানায় ‘জাগ্রতবাংলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ফ্রিডম’, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’, আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’, মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ হামিদুজ্জামান খানের অন্যতম বহিরাঙ্গণ ভাস্কর্য।

সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর আড়াইটায় হামিদুজ্জামান খানের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে রাখা হবে।

 

বিষয়:ইউনাইটেড হাসপাতালে একুশে পদকপ্রাপ্ত চারুকলা অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…