শেরপুরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্র নিহত

শেরপুরে বিদ্যুৎস্পর্শে নিহত স্কুলছাত্রের ছবি, ঘটনাস্থল ও পরিবারের সদস্যদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
শেরপুরে শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামে বিদ্যুৎস্পর্শে একজন স্কুলছাত্র নিহত ও দুইজন যুবক আহত হয়েছেন।
আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিজান (১৮) ভারেরা গ্রামের প্রয়াত পোস্টমাস্টার কদম আলীর ছেলে।
মিজান চলতি বছর শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। আহতরা হলেন-নিহত মিজানের চাচাতো ভাই ইমরান হাসান (৩১) ও বিপুল মিয়া (২৭)।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দিন নিজেদের নতুন ঘরের কাজ করার সময় মিজান বিদ্যুৎ সংযোগের জন্য মিস্ত্রির কাজে সহযোগিতা করছিলেন।
তিনি জানান, ওই সময় বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের লাইন টানার সময় মিজান ওই তারের সংস্পর্শে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং এই ঘটনায় তার দুই চাচাতো ভাই আহত হয়।
আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।





