জাতীয় ক্রিকেট লিগে বরিশাল ডিভিশনকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী ডিভিশন। রাউন্ডের শেষদিনে এসে মিলেছে ফল। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৬ উইকেট নিয়ে বরিশালকে ধসিয়ে দিয়েছেন বাঁহাতি অর্থডক্স স্পিনার সানজামুল ইসলাম। সঙ্গে প্রথম ইনিংসে ১২ রানে এক উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এ স্পিনার।
কক্সবাজারে বরিশাল-রাজশাহীর প্রথমদিনের খেলা মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে ব্যাট করে বরিশার ২০৫ রানে অলআউট হওয়ার পর শেষ হয় দিনের খেলা। ওপেনার ইফতিখার হোসেন ইফতির ১১৬ রান করেন। তৃতীয় দিনে প্রিতম কুমারের ব্যাটে ভর করে ৭০ রানের লিড পেয়েছিল রাজশাহী ডিভিশন।
৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল ডিভিশন এ ইনিংসেও দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৪৬ রান করেন তাসামুল হক। ২১ রান করেন স্পিনার তানভীর ইসলাম। সানজামুলের তোপে ১৩৭ রানে অলআউট হলে রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ৬৭ রান।
৬৭ রান করতে ৪ উইকেট হারায় রাজশাহী। সর্বোচ্চ ২৩ রান করেন এসএম মেহেরাব। বরিশালের কামরুল ইসলাম নেন ২ উইকেট, রুয়েল মিয়া ও তানভীর ইসলাম নেন একটি করে উইকেট।








