মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আইসিইউতে ভর্তি করা হয়েছিলেন বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান। এবার জানা গেল, একই হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
লীলাবতী হাসপাতালের ডা. জালিল পারকার ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, “তার (সেলিম খান) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।”
৯০ বছর বয়সি সেলিম খানের বয়স বিবেচনা করে চিকিৎসকরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তবে সেলিম খানের শারীরিক কি কি সমস্যা বা কোথায় তার অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডা. জলিল।
অসুস্থ হয়ে পড়লে গতকাল মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। সালমান খানসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে গিয়েছিলেন। এসময় হাসপাতাল ত্যাগ করার সময়ে সালমান খানকে বেশ বিমর্ষ দেখায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সেলিম খানের স্ত্রী সালমা খানসহ পরিবারের অনেকে হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে।
সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিউড।গত কয়েক বছর ধরেই সালমান খান ও তার পরিবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একাধিক হুমকি পেয়ে আসছেন। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মার কাছেও ই–মেইলে অর্থ দাবি করে হুমকিবার্তা পাঠানো হয় বলে জানা যায়। এমন পরিস্থিতিতে সালমানের পরিবারের কর্ণধারের অসুস্থতা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।- টাইমস অব ইন্ডিয়া








