ক্যারিয়ার নিয়ে ঝামেলায় আছেন সালমান খান। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। অন্য দিকে দক্ষিণী ছবিগুলো বক্স অফিস মাতাচ্ছে। শোনা যাচ্ছে, ক্যারিয়ার বাঁচাতে দক্ষিণের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন সালমান। তার মাঝে জনপ্রিয় দক্ষিণী নির্মাতা অ্যাটলির অন্যতম।
অ্যাটলি বর্তমানে ব্যস্ত আছেন শাহরুখ খানের ‘জওয়ান’ নিয়ে। অ্যাটলির ফিল্মোগ্রাফি দেখে মুগ্ধ সালমান। আর তাই সালমানও কাজ করতে চান তরুণ এই নির্মাতার সঙ্গে। জানা গেছে অ্যাটলিও সালমানের সঙ্গে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
সালমানকে দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতিকে। চলতি বছরের ৩০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
এছাড়াও সালমানের হাতে রয়েছে ‘টাইগার ৩’। এই ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।।
সূত্র: পিঙ্ক ভিলা







