হলে চলছে ‘টাইগার থ্রি’। সালমান খান এখন আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা কথা বলেছেন সিনেমা হল চালু করার পরিকল্পনা নিয়ে।
প্রায় দুই বছর আগেও একবার সিনেমা হল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সালমান। তার ইচ্ছা ‘সালমান টকিজ’ নামে ভারতের একাধিক শহরে এই হল চালু করার। কিন্তু করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী স্থবির হয়ে পড়ায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি অভিনেতার।
অভিনেতাকে জিজ্ঞেস করা হয় কবে নাগাদ স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করবেন তিনি। সালমান বলেন, ‘আমি শুরু কবো, আগামী বছরের মধ্যেই। শুরু করবো। এটা একটি দীর্ঘ প্রক্রিয়া। ধীরে ধীরে শুরু করবো, তবে অবশ্যই করবো।’
এর আগে এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, তিনি মুম্বাইয়ের মতো বড় শহরে নয়, বরং প্রত্যন্ত গ্রামাঞ্চলে সিনেমা হল খুলতে চান যেখানে মানুষের সিনেমা দেখার সুযোগ নেই। শুধু তাই নয়, সালমানের ইচ্ছা নামমাত্র দামে টিকেট বিক্রির যেন স্বল্প আয়ের মানুষ সিনেমা দেখতে পারেন। শিশু ও সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ থাকবে সেখানে।
সূত্র: পিঙ্কভিলা







