পরিচয় গোপন করে কোনো ব্যক্তি চিঠি দিয়ে সালমান খান ও তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দিয়েছেন। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সালমান। বলেছেন, ‘আমার সাথে সম্প্রতি কারো শত্রুতা হয়নি।’
পুলিশকে দেওয়া বয়ানে সালমান খান বলেন, ‘আমি চিঠিটি পাইনি। আমার বাবা পেয়েছেন সকালে হাঁটতে গিয়ে। আমার সঙ্গে সাম্প্রতিক সময়ে কারো শত্রুতা হয়নি। তাই কাউকে সন্দেহ করার কোনো কারণ নেই।
পুলিশ জানিয়েছে, সালমানের বাবা সেলিম খান জগিং শেষে প্রতিদিন যেই বেঞ্চে বসেন, সেখানে চিঠিটি পেয়েছেন। সেখানে লেখা ছিল, “সেলিম খান ও সালমান খান, সিধু মুসেওয়ালার মতোই পরিণতি অপেক্ষা করছে তোমাদের জন্য।”
চিঠিতে আরও লেখা ছিল ‘জি.বি.’ ও ‘এল.বি.’। ধারণা করে নেয়া হয়েছে, ‘জি.বি.’-তে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও ‘এল.বি.’-তে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বোঝানো হয়েছে। এখনও নিশ্চিত হওয়া যায়নি যে তারাই চিঠিটি পাঠিয়েছেন, নাকি তাদের নাম ব্যবহার করে অন্য কেউ পাঠিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
এর আগে ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে প্রাণে মেরে ফেলবার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। সূত্র: বলিউড হাঙ্গামা







