বিনোদন

অভিনেতা সাইফ আলীকে হত্যার হুমকি

অভিনেতা সাইফ আলীকে হত্যার হুমকি

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকি হত্যা মামলার আসামি জিশান আখতার এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মুম্বাই পুলিশের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জিশান আখতার সত্যিই এই হুমকি দিয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে বলিউড তারকাদের ভয় দেখানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এর আগে চলতি মাসেই বলিউড অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাকেও একই ধরনের হুমকি দেওয়ার খবর পাওয়া যায়। ওই দুই ঘটনায় বেঙ্গালুরুর ৩০ বছর বয়সী আইআইটি স্নাতক বৈভব মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি এসব হুমকি দিয়েছিলেন। তবে কোনো অপরাধী চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ। রাতের বেলা এক অনুপ্রবেশকারী তার ছোট ছেলে জেহর ঘরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন অভিনেতা। এ সময় তার ঘাড় ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরে লীলাবতী হাসপাতালে প্রায় ছয় ঘণ্টার অস্ত্রোপচার শেষে পাঁচ দিন পর বাড়ি ফেরেন তিনি।

অন্যদিকে, ২০২৪ সালের ১২ অক্টোবর মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকিকে মুম্বাইয়ের বান্দ্রায় তার ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তির নাম সামনে আসে। মামলার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের অপরাধী চক্রের যোগসূত্রও তদন্ত করে পুলিশ।

সাইফকে দেওয়া সর্বশেষ হুমকির সঙ্গে বাবা সিদ্দিকি হত্যা মামলার কোনো প্রকৃত যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে মুম্বাই পুলিশ। এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি সাইফ আলী খান। আউটলুক

বিষয়:বলিউড বাবা সিদ্দিকী সাইফ আলী সিনেমা হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…