জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই বলেছিলেন সালমান খান তাদের রাজস্থানের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে মৃত্যুর হুমকি তুলে নেবেন। তবে এক সাক্ষাৎকারে সম্প্রতি গোল্ডি ব্রার-এর দাবি, সালমানকে হত্যা করা হবেই।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানিয়েছেন, সালমান খান তাদের হত্যা তালিকায় আছেন। গোল্ডি ব্রারই গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পিছনে ছিলেন।
গোল্ডি ব্রার বলেছেন, ‘আমরা তাকে মারব, আমরা তাকে মারবই মারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো জানতেই পারবেন।’
গত বছরের জুন মাস থেকে সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণোই সম্প্রদায়। সালমানকে ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়। চলতি বছরের মার্চ মাসে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। একই পথে হাঁটলেন পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার।
১৯৯৮ সালে সালমান খানের বিরুদ্ধে যোধপুরে ফিল্মের শুটিং চলাকালীন বিষ্ণোই সম্প্রদায়ের আরাধ্য দেবতা কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান।
সূত্র: নিউজ এইটিন







