বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও একবছরের মাথায় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়ে বুধবার বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। এদিন সন্ধ্যায় বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করবে বোর্ড।
বিসিবির বিজ্ঞপ্তিতে বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর সালাউদ্দিন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আর কোন মন্তব্য করার আগে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করব।’
২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষ কোচ হিসেবে কাজ করেছেন।
আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টির সিরিজ। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর, শেষ ম্যাচটি গড়াবে ২ ডিসেম্বর।








