বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মেই সাজেক ভ্রমণ

সাজেক ভ্রমণের জন্য প্রস্তুত পাহাড়ি রাস্তা, সবুজ প্রকৃতি ও ছোট গ্রাম, শান্ত পরিবেশে পর্যটকদের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণ সংক্রান্ত বিধিনিষেধ বৃদ্ধি না করায় আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে স্বাভাবিক নিয়মে সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।
বুধবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাজেক ও তার আশপাশের এলাকায় যৌথবাহিনীর টহল শুরু হয়েছে। তাই নিরুৎসাহিতকরণ আর বাড়ানো হচ্ছে না। সুতরাং, বৃহস্পতিবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সাজেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে পর্যটকরা আগের মতই ভ্রমণ করতে পারবেন। সাজেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখানে নিরাপত্তাজনিত কোন সমস্যা নেই। তিনি পর্যটকদের সাজেক ভ্রমণের আমন্ত্রণ জানান।





