আহান পান্ডে এবং অনিত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছবির অসাধারণ সাফল্যের পর এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী। একজন অসুস্থ প্রেমিকার চরিত্রে অভিনয় করার পর এবার একেবারে অন্যরকম একটি রূপে ধরা দিতে চলেছেন তিনি।
জানা গেছে, ২২ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় করতে চলেছেন একটি কোর্টরুম ড্রামা সিনেমায়, যেখানে একজন এমন তরুণীর চরিত্রে অভিনয় করবেন তিনি যিনি ন্যায় বিচারের জন্য লড়াই করবেন গোটা সিস্টেমের সঙ্গে।
এই সিনেমায় অর্জুন মাথুর এবং ফাতিমা সানা শেখের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনিতকে। আইনি লড়াইয়ের পটভূমিতে তৈরি হওয়া এই সিনেমাটি সাহস এবং সত্যের রূপ তুলে ধরবে সিনেমার মাধ্যমে।
জানা গেছে, এই সিনেমায় অনিত একজন এমন একটি নারী চরিত্রে অভিনয় করবেন যার সঙ্গে দুর্ব্যবহার করেন একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে।
সিনেমাটি পরিচালনা করেছেন নিত্য মেহরা, যিনি এর আগে মেড ইন হেভেন, বার বার দেখো ছবির পরিচালক হিসেবে পরিচিত। তবে এই প্রথম নয়, এর আগেও পরিচালকের ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।
বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করার পর বর্তমানে ডিজিটাল প্লাটফর্মেও মুক্তি পেয়েছে সাইয়ারা। বড় পর্দার পর এখন রমরমিয়ে নেটফ্লিক্স এর পর্দায় দেখতে পাওয়া যাচ্ছে এই ছবিটি।- টাইমস অব ইন্ডিয়া








