লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে হামলার শিকার হন।
আল-জাজিরা জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে তাকে গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান সাইফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তবে এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কী ছিল, সে বিষয়ে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম জিনতানে অবস্থান করছিলেন। ৫৩ বছর বয়সী গাদ্দাফি লিবিয়ার শাসক পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং একজন দক্ষ সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। তার নেতৃত্বের মাধ্যমে লিবিয়া পশ্চিমা বিশ্বে পুনরায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালায়।
২০০৮ সালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, যেখানে তার গবেষণার বিষয় ছিল বিশ্ব শাসনের সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা। ২০১১ সালে, মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সাইফ আল-ইসলামকে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।
ওই বছর বিদ্রোহীরা গাদ্দাফিকে হত্যা করার পর সাইফকে গ্রেফতার করা হয় এবং তিনি দীর্ঘদিন জিনতানে বন্দী ছিলেন। তবে ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু মুক্তির পরও তিনি সেখানেই বসবাস করছিলেন।







