মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর আগেই আভাস মিলে তুমুল বৃষ্টির। মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টিও। বৃষ্টিস্নাত ম্যাচে টানা তৃতীয় জয়ের খোঁজে সফরকারীদের বিপক্ষে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজ দল।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ভুটানের বিপক্ষে বাংলাদেশের গোলরক্ষক থেকে শুরু করে অধিনায়ক সব পজিশনেই পরিবর্তন আনেন কোচ পিটার জেমস বাটলার। নেপালের বিপক্ষে জয় পাওয়া দলে নয় পরিবর্তন নিয়ে একাদশ সাজান ইংলিশ কোচ।
এ ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন সুরমা জান্নাত। আসরের নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকারকে রাখা হয়েছে বিশ্রামে। আগের দুই ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করা স্বর্ণা রাণী মন্ডলও আছেন বিশ্রামে। তার জায়গায় একাদশে এসেছেন মিলি আক্তার। নেপাল ম্যাচে লাল কার্ড দেখায় এ ম্যাচে নেই টুর্নামেন্টে ৪ গোল করা মোসাম্মত সাগরিকা।
ভুটানের মেয়েদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। বৃষ্টির পানি জমে ধীরগতির মাঠে দ্বিতীয় মিনিটেই গোলের জন্য শট নেন উমেলা। ভুটানের গোলরক্ষক পেমা ইয়াংজনের দারুণ সেভে রক্ষা পায় সফরকারীরা। তবে লাল-সবুজদের সফলতা আসে সপ্তম মিনিটে।
বক্সের ভেতরে শ্রীমতি তৃষ্ণা রাণীর শট কোনো রকমে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি ভুটানের গোলরক্ষক পেমা। তাতে বল যায় শান্তি মার্ডির কাছে। সেখানে খানিকটা উঁচিয়ে নেয়া শটে লক্ষ্যভেদ করেন শান্তি। তাতে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।
১৯ মিনিটে গোল শোধ দেয়ার সুযোগ পেয়ছিল ভুটান। বাঁ-প্রান্তে যখন খেলদেন ওয়াংমো বল পেলেন তখন তার সামনে শুধুই বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ভুটানের ফরোয়ার্ড শটটা নিলেনও বটে, কিন্তু তা গোলরক্ষকের সামনে গিয়ে আটকে যায়। বৃষ্টির পানিতে আটকে যাওয়া বল তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি মিলির। পরে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজ দল।
পাঁচটি দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান- এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দল রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি।
বাংলাদেশের পরের ম্যাচ ১৭ জুলাই ভুটাবের বিপক্ষেই। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।










