পর্তুগালে বাড়ছে বাংলাদেশি কমিউনিটি, লিসবনের বাইরেও বিস্তৃত হচ্ছে বাংলাদেশিদের ব্যবসা

রাজধানী লিসবন ছাড়িয়ে পর্তুগালের বিভিন্ন শহরে বাংলাদেশিদের বসবাস, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ছে।
ইউরোপের দেশ পর্তুগালে ক্রমেই বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। রাজধানী লিসবনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশিদের বসতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ড এখন ছড়িয়ে পড়ছে দেশটির অন্যান্য শহরেও।
লিসবনের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি উদ্যোক্তারা গড়ে তুলছেন নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে পর্তুগালের অর্থনীতি ও স্থানীয় সমাজে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন প্রবাসী বাংলাদেশিরা।
একসময় পর্তুগালে বাংলাদেশিদের বসবাস ও ব্যবসায়িক কার্যক্রমের বড় অংশ রাজধানী লিসবনকেন্দ্রিক থাকলেও বর্তমানে রাজধানীর বাইরেও বাংলাদেশিদের উপস্থিতি বাড়ছে। বিভিন্ন শহরে বাংলাদেশি পরিচালিত গ্রোসারি শপ, রেস্টুরেন্ট, পোশাকের দোকান, মোবাইল ও অন্যান্য সেবামূলক ব্যবসা গড়ে ওঠার মধ্য দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তার সুযোগ।
ফারুক শিকদার প্রবাসে নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় পারি জমায় পর্তুগালে সংগ্রাম শুরু করে নিজের কিছু করার। সেই চিন্তা থেকেই ছোট একটি মোবাইলের দোকান থেকে আজ তার বড় বড় দুইটি দোকান পাশাপাশি নতুন প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতেও ভূমিকা রাখছেন এই বাংলাদেশি উদ্যোক্তা।
তিনি জানান লিসবনে খরচ বেশী জীবন যাত্রার ব্যায় বেশী তাই এখন ব্যবসার জন্য অন্য শহর গুলো তে বেশী হচ্ছে বাংলাদেশী ব্যবসায়ী সংখ্যা, অনেকেই সীমিত পুঁজি ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। তাদের এই উদ্যোগ নতুন করে পর্তুগালে আসা বাংলাদেশিদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠছে।
তরুণ উদ্যোক্তা মাছুম আহমেদ বলেন দিন দিন লিসবনের মতো অন্য শহরেও ব্যবসা-বাণিজ্যের বিস্তারের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও আরও দৃশ্যমান হচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় আয়োজন, বাংলা নববর্ষ উদ্যাপন এবং জাতীয় দিবস পালনের মধ্য দিয়ে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখছেন বাংলাদেশিরা।
তবে এই অগ্রযাত্রার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জ। ব্যবসা পরিচালনার ব্যয়, ভাষাগত প্রতিবন্ধকতা, প্রশাসনিক জটিলতা, বৈধ কাগজপত্র সংক্রান্ত সমস্যা এবং স্থানীয় বাজারে প্রতিযোগিতার মতো বিষয়গুলো অনেক উদ্যোক্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এসব বাধা অতিক্রম করে ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছেন তারা।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স বলেন পর্তুগালে বাংলাদেশিদের এই ক্রমবর্ধমান উপস্থিতি শুধু প্রবাসী কমিউনিটির সম্প্রসারণের গল্প নয়; এটি বিদেশের মাটিতে পরিশ্রম, আত্মনির্ভরতা ও উদ্যোক্তা হয়ে ওঠারও একটি চিত্র। রাজধানী লিসবনের গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য শহরে বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের বিস্তার ভবিষ্যতে কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক অবস্থান আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা করছি।






