শুরুটা ভালো, তবে আরও ভালো হতে পারত: সাদমান

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। তবে শুরুটা আরও ভালো হতে পারত বলে মনে করেন ওপেনার সাদমান ইসলাম। তার মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট ছিল বেশ ভালো। কিন্তু বড় জুটি গড়ার পর হঠাৎ কয়েকটি উইকেট হারানোয় প্রত্যাশামতো এগোতে পারেনি দল।
শুক্রবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ৩১৭ রান তুলেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটে নেমে তানজিদ হাসান তামিম ও সাদমানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুজন মিলে যোগ করেন ১২৪ রান। তানজিদ ৮৩ এবং সাদমান করেন ৬৭ রান। তবে দিনের মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ।
দিনের খেলা শেষে সাদমান বলেন, ‘মোটামুটি ভালো ছিল। কিন্তু হয়তোবা আমাদের যে শুরুট ছিল, আরেকটু ভালো হতে পারত। যাক, যা হয়েছে আজকের জন্য আলহামদুলিল্লাহ।’
উইকেট ব্যাটিং সহায়ক ছিল বলছেন সাদমান। বলেছেন, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। অনাকাঙ্খিতভাবে আমাদের কিছু-মানে বড় একটা জুটির পরে হঠাৎ কয়েকটা উইকেট পড়ে গেছে। আমরা সকাল থেকে যেরকম ব্যাটিং করছি, ব্যাটিংয়ের জন্য খুব ভালো একটা পিচ ছিল। আফগানিস্তানের বোলারদের আমরা সকালবেলা খুব ভালো হ্যান্ডেল করছি, ভালো ভালো জুটিও হয়েছে। তো ওরা খুব ভালো কামব্যাক করছে লাঞ্চের পরে, যার কারণে ভালো কিছু উইকেটও ওরা পেয়েছে। যার কারণে হয়তোবা দিন শেষে আজকে ৮ উইকেট পড়েছে।’
আবুধাবির গরম নিয়েও কথা বলেছেন সাদমান। তবে কন্ডিশনটি যে চ্যালেঞ্জিং হতে পারে, সে বিষয়ে আগেই প্রস্তুতি ছিল তাদের। বলেছেন, ‘গরম অবশ্যই আমরা যখন ঢাকায় অনুশীলন করি, তখন আমাদের মাথায় ছিল যে দুবাইতে ভালো একটা গরম আমাদের মুখোমুখি হতে পারে। আমাদের যেরকম একটা প্রস্তুতি ক্যাম্প ছিল, গরমের মধ্যেই গেছি। যার কারণে ভালো মানিয়ে নিতে পারছি। তারপরে আমরা দুবাইতে এসে একটা অনুশীলন ম্যাচ খেলা হয়েছে। ওইখানে অনেক গরম ছিল, যার কারণে এখানে ব্যাটিং করতে একটু সহজ মনে হয়েছে।’





