চলচ্চিত্রে সেরা সাবিলা-মোশাররফ-রাজ, নাটকে তিশা ও জোভান

দেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তারকাদের সম্মাননা জানানো হলো ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর পঞ্চম আসরে। এবারের আয়োজনে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাবিলা নূর। আর সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন মোশাররফ করিম ও শরিফুল রাজ। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয়ের সুবাদে তাদের এই অর্জন।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, মডেলিং ও ডিজিটাল কনটেন্টসহ বিনোদনজগতের নানা শাখায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
চলচ্চিত্র বিভাগে ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের তালিকায় আরও যুক্ত হয়েছে কয়েকটি পুরস্কার। সিনেমাটির পরিচালক তানিম নূর পেয়েছেন সেরা পরিচালকের সম্মাননা। অন্যদিকে, ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে পুরস্কৃত হয়েছেন ফারজানা ছবি।
টেলিভিশন নাটকে অভিনয়ের স্বীকৃতি পেয়েছেন তানজিন তিশা ও ফারহান আহমেদ জোভান। ‘খোয়াবনামা’ নাটকের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে তানজিন তিশার হাতে। আর ‘তোমার গল্প ২’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন জোভান। এ বিভাগে সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সে যৌথভাবে পুরস্কার পেয়েছেন মনিরা মিঠু ও মালাইকা চৌধুরী। সেরা পরিচালকের সম্মাননা ভাগাভাগি করেছেন প্রবীর রয় চৌধুরী ও জাহিদ প্রীতম।
ওটিটি বিভাগেও পুরস্কার পেয়েছেন পরিচিত মুখেরা। সেরা অভিনেত্রী হয়েছেন সাফা কবির এবং সেরা অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়ে নতুন সম্ভাবনার স্বীকৃতি হিসেবে সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে পুরস্কার পেয়েছেন অর্চিতা স্পর্শিয়া ও রুনা খান। এ বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রায়হান রাফি।
সংগীতাঙ্গনে সেরা গীতিকার ও সুরকারের স্বীকৃতি পেয়েছেন গালিব হাসান ও বাপ্পা মজুমদার। কণ্ঠশিল্পীদের মধ্যে সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন মাহতিম শাকিব। সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন দোলা রহমান।
এবারের আয়োজনে বিনোদন ও পারফরম্যান্স বিভাগেও ছিল একাধিক সম্মাননা। সেরা রাইজিং স্টার ইন অ্যাক্টিং বিভাগে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন তানজিয়া জামান মিথিলা ও ইশরাত অতিথি। সেরা স্টেজ পারফর্মারের স্বীকৃতি পেয়েছেন মন্দিরা চক্রবর্তী।
ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের স্বীকৃতি হিসেবেও বিভিন্ন কনটেন্ট নির্মাতাকে পুরস্কার দেওয়া হয়েছে। সেরা ফুড ভ্লগার নির্বাচিত হয়েছেন রাফসান দ্য ছোট ভাই। সেরা সোশ্যাল ইমপ্যাক্ট/অ্যাওয়ারনেস ক্রিয়েটর হয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। লাইফস্টাইল, ফ্যাশন ও বিউটি বিভাগে সেরা কনটেন্ট ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন স্মিতা চৌধুরী।
এ ছাড়া শাম্মি ইসলাম নীলা পেয়েছেন সেরা ব্র্যান্ড প্রমোটারের পুরস্কার। সেরা ট্রাভেল ভ্লগার হয়েছেন সালাহ উদ্দিন সুমন এবং সেরা স্টোরি টেলার কনটেন্ট ক্রিয়েটর নির্বাচিত হয়েছেন মহসিন উল হাকিম। প্রযুক্তিবিষয়ক কনটেন্টে অবদানের জন্য সেরা টেক ইনফ্লুয়েন্সার হয়েছেন রবিন রাফান। শিক্ষা ও ইনফোটেইনমেন্ট বিভাগে শুভাষিস ভৌমিক এবং ফিটনেস বিভাগে আসিফ হাসান সাগর পেয়েছেন সেরা কনটেন্ট ক্রিয়েটরের স্বীকৃতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলীম, সহপ্রতিষ্ঠাতা অন্তু করিম ও অনন্যা আজিজ এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হকসহ আমন্ত্রিত অতিথিরা।
আয়োজনের সমাপনী পর্বে পৃষ্ঠপোষক হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং আরএইচটির প্রতিনিধি ডা. তহমিনা নওরিন আয়োজনটির সফলতা ও ধারাবাহিকতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের এবারের আয়োজনটি ছিল পঞ্চম আসর। দেশের বিনোদন ও সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ইউএসএ বাংলা নিউজ






