পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনে ছবি পরিচালনায় মনোযোগ দিয়েছেন জনি ডেপ। অভিনয় জীবনে কি আর ফিরবেন না জনি ডেপ? এই প্রশ্ন এখন ঘুরছে ভক্তদের মনে।
জনি ডেপ বর্তমানে ব্যস্ত তার পরিচালিত ছবি ‘মোদি’ নিয়ে। ইটালির চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে এই ছবি। বর্তমানে ছবি সম্পাদনার কাজ চলছে।
প্রায় ২৫ বছর পরে পরিচালকের আসনে নিজেকে ফিরে পেয়ে খুশি জনি ডেপ। কিন্তু খুশি নন ভক্তরা। তারা তাদের প্রিয় তারকাকে পর্দার পেছনে নয়, সামনে চান। জনি যদি অভিনয়ে না ফেরেন, তাহলে ‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ অথবা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডস’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে জনি ডেপের পরিবর্তে অন্য কোনও অভিনেতাকে দর্শক কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
বিশ্বখ্যাত ইতালীয় চিত্রকরের আমেদেও মোদিগ্লিয়ানির জীবনের ব্যর্থতা-হতাশা এবং সঙ্কট জয়ের ঘটনা নিয়ে সিনেমা ‘মোদি’। ছবিতে অভিনয় করবেন আল পাচিনো। ফরাসি চিত্রকর মরিস উট্রিলোর চরিত্রে দেখা যাবে তাকে।
আল পাচিনো ছাড়াও এই ছবিতে থাকছেন রিচার্দো স্ক্যামারসিও এবং পিয়েরে নিনে। ডেনিস ম্যাকইনটায়ারের নাটক ‘মোদিগ্লিয়ানি’ অবলম্বনে তৈরি করা হচ্ছে এই ছবি। গল্প লিখেছেন চিত্রনাট্যকার জের্জি ও মেরি ক্রোমোলস্কি।
৪৮ ঘণ্টার ঘটনা নিয়ে তৈরি করা হবে এই ছবি। পুলিশের থেকে পালানোর সময় মোদিগ্লিয়ানির ইচ্ছা হয় তার ক্যারিয়ার শেষ করে দেয়ার এবং ভবঘুরে ফরাসি চিত্রকর মরিস উট্রিলো, বেলারুশিয়ান বংশোদ্ভূত চেইম সাউটিন এবং প্রেমিকা বিট্রিস হেস্টিংস-এর সঙ্গে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার। মোদিগ্লিয়ানি তার পোলিশ আর্ট ডিলার ও বন্ধু লিওপোল্ডের কাছে যান পরামর্শ নিতে। বিশৃঙ্খলা চরমে পৌঁছে যায় যখন তিনি একজন চিত্র সংগ্রাহকের মুখোমুখি হন যিনি তার জীবন পরিবর্তন করতে পারেন।
‘মোদি’ নির্মাণের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিনেমা পরিচালনায় ফিরেছেন জনি ডেপ। ছবির শুটিং হয়েছে বুদাপেস্টে। ডেপের ইউরোপিয়ান প্রোডাকশন কোম্পানি এবং প্রযোজক ব্যারি নাভিদি ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে।
সূত্র: কইমই







