চলতি বছর ইউক্রেন যুদ্ধে ‘স্টর্ম-জেড’ নামক একটি বিশেষ ব্যাটালিয়ন মোতায়েন করেছিল রাশিয়া। এর মধ্যে রয়েছে শত শত সামরিক এবং বেসামরিক ব্যক্তি যাদের জোরপূর্বক এখানে যুক্ত করা হয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, ‘স্টর্ম-জেড’ নামে পরিচিত এই ব্যাটালিয়নের যোদ্ধাদের সাধারণ সৈন্যদের তুলনায় কম মূল্যবান বলে মনে করা হয়ে থাকে। এই স্কোয়াডে থাকা যোদ্ধাদের নিয়মিত সেনা ইউনিটের সাথে যুক্ত করা হয় যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধে অংশগ্রহণ করে। এর প্রতিটি স্কোয়াডে ১০০ থেকে ১৫০ জন যোদ্ধা থাকে। এর সদস্যরা সাধারণত অপরাধী, মাতাল এবং বিদ্রোহী সৈন্য যারা বিভিন্ন সময়ে আদেশ অমান্য করতেন।
রাশিয়ান রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, স্টর্ম-জেড স্কোয়াড যারা রয়েছে তারা তীব্র যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের কিছু সদস্য সাহসিকতার জন্য পদকও পেয়েছেন, তবে তারা কীভাবে গঠিত হয়েছে তা প্রকাশ করেনি।
জানা গেছে, এদের এই স্কোয়াডে জোরপূর্বক যুক্ত করা হয়েছিল। সেনা ইউনিটের একজন নিয়মিত সৈনিক বলেছেন, তিনি যুদ্ধক্ষেত্রে ছয় বা সাতজন আহত স্টর্ম-জেড যোদ্ধাদের একটি দলকে চিকিৎসা দিয়েছিলেন। একজন কমান্ডারের আদেশ অমান্য করায় তাকে জোরপূর্বক এই স্কোয়াডে পাঠানো হয়েছিল। আরেকজন সৈনিক জানিয়েছেন, যুদ্ধের কমান্ডেন্টরা যদি কারও কাছ থেকে অ্যালকোহলের গন্ধ পায় তাহলে অবিলম্বে তাদের এই স্কোয়াড পাঠিয়ে দেন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রথম এই বিশেষ স্কোয়াডের কথা সামনে আসে। যদিও রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্টর্ম-জেড ইউনিট তৈরির কথা স্বীকার করেনি।







