পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্কের একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন কিন্তু ইউক্রেনের রুশ-অধিকৃত অংশের কাছাকাছি শহরে মঙ্গলবারের এই হামলায় একটি রেস্তোরাঁ এবং শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে থাকতে পারে এবং উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় ওই এলাকায় বেসামরিক লোকজনের সংখ্যা বেশি ছিল। হামলায় আট মাস বয়সী একটি শিশু এবং তিনজন বিদেশিসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। বর্তমানে শহরের কেন্দ্রস্থলে উদ্ধার অভিযান চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যাচ্ছে৷
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনি হামলার পর মৃত মানুষ দেখেছেন, মানুষের চিৎকার শুনেছেন।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, এটি শহরের কেন্দ্রস্থল। তিনি রেস্তোরাঁটিকে একটি স্থানীয় ‘সমাবেশের কেন্দ্র’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এটি সৈন্য, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবকদের কাছে বেশ জনপ্রিয় ছিল।
ক্রামতোর্স্ক সিটি কাউন্সিল জানিয়েছে, রাশিয়ান বাহিনী কাছাকাছি একটি গ্রামকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। হোয়াইট হাউস ইউক্রেনের ওপর এই হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছে।







