আদালতের আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই নির্দেশ বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার কোনো পদক্ষেপ নেননি।
এই প্রেক্ষাপটে আদালত অবমাননার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়।
উল্লেখ্য, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। দীর্ঘদিনেও আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।








