প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিনে সেকেন্ডের ব্যবধানে ছেলেদের রোয়িংয়ে স্বর্ণ জিতেছে রোমানিয়া। নেদারল্যান্ডসকে হারিয়ে পদক আসে তাদের ঝুলিতে। অন্যদিকে মেয়েদের রোয়িংয়ে স্বর্ণ জিতেছে নিউজিল্যান্ড। প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করা কিউইদের এটি প্রথম স্বর্ণপদক।
ছেলেদের দ্বৈত রোয়িং ইভেন্টে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। শেষ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও শেষ সেকেন্ডে এসে আর লিড ধরে রাখতে পারেনি। মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আন্দ্রেই সেবাস্তিয়ান কর্নিয়া এবং মারিয়ান ফ্লোরিয়ান এনাচের কাছে হেরে স্বর্ণবঞ্চিত হয় দলটি। রোমানিয়ার সময় লাগে ৬ মিনিট ১২ দশমিক ৫৮ সেকেন্ড।

রৌপ্য জেতা নেদারল্যান্ডসের মেলভিন টুয়েলার এবং স্টেফ ব্রোনিয়েঙ্কের সময় লাগে ৬ মিনিট ১৩ দশমিক ৯২ সেকেন্ড। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জেতা আয়ারল্যান্ডের সময় লাগে ৬ মিনিট ১৫ দশমিক ১৭ সেকেন্ড।
ব্রুক ফ্রান্সিস এবং লুসি স্পোরস নিউজিল্যান্ডের হয়ে এবারের আসরে প্রথম স্বর্ণ জিতেছে দলটি। মেয়েদের দ্বৈতে তাদের মোট সময় লাগে ৬ মিনিট ৫০ দশমিক ৪৫ সেকেন্ড। এ ইভেন্টে রৌপ্য পদক জিতেছে রোমানিয়া। তাদের মোট সময় লাগে ৬ মিনিট ৫০ দশমিক ৬৯ সেকেন্ড।







