গত বছর জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর বদলে যায় মেজর লিগ সকারের (এমএলএস) চেহারা। যুক্তরাষ্ট্রের ফুটবল লিগটি আয়ও বেড়েছে কয়েকগুণ মেসির আগমনে। বর্তমানে চোট খুব ভোগাচ্ছে বিশ্বজয়ী কিংবদন্তিকে। চোটের কারণে যদি আর্জেন্টাইন মহাতারকা ফুটবলকে বিদায় জানালে, তা সমস্যায় ফেলবে মেজর লিগকে।
ম্যানচেস্টার ইউনাইটেডর সাবেক তারকা স্ট্রাইকার জিউসেপ্পে রস্সি বলছেন এমনটা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে আলাপকালে এমন মন্তব্য করেছেন রস্সি। বলছেন, ‘মেসি তার বুট তুলে রাখলে এমএলএস সমস্যায় পড়বে।’
‘এখানে মেসির প্রতি প্রত্যাশা কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও বড় সম্পর্ক রয়েছে। মেসির এখানে আসার পর স্বল্প সময়ে এমএলএস অনেক উপার্জন করেছে। আপনি যদি টিভিস্বত্ত্ব এবং স্পন্সরশিপের দিকে তাকান, এটি আকাশচুম্বী হয়েছে। সবকিছু ঠিক সেভাবেই চলছে যা তারা পরিকল্পনা করেছিল।’
‘সমস্যা তখন তৈরি হবে, তখন মেসি তার বুট তুলে রাখবে। তখন এমএলএসের এই শূন্যতা পূরণ করার মত কেউ হবে না। আমার মনে হয় এটা একটা সমস্যা হতে চলেছে।’
রস্সি মনে করেন বয়স বাড়লেও মেসি লিগের বাকিদের চেয়ে শীর্ষে রয়েছেন। এমনকি ফুটবল যাদুকরকে সর্বকালের সেরাও মানছেন তিনি। বলেছেন, ‘৮০ বছর বয়সেও যদি তাকে মাঠে দেখেন, তখনও শেষে এমএলএস সেরা খেলোয়াড় হতে পারেন। কারণ সে সর্বকালের সেরা। তাই সবাই তাকে দেখতে ভালোবাসে।’







