সাবেক ক্লাব জুভেন্টাসের বিপক্ষে মামলায় জয় পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে ৯৭ লাখ ইউরো দিতে সিরি আ’র ক্লাবটিকে নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৩ কোটি ৫৫ লাখ টাকা।
ক্রীড়া আদালত বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) বলেছে, কর এবং অন্যান্য ফি কাটার পর রোনালদো যা অর্থ পাবেন, তা ক্লাবকে দিতে হবে। তবে বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত তারা পর্যালোচনা করছে।
২০২০-২১ মৌসুমে কোভিড মহামারির সময়ে ইতালিতে ফুটবল বন্ধ হয়ে গেলে ক্লাবের থেকে দেরিতে বেতন নিতে রাজি হয়েছিলেন রোনালদো। পরে দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলে সেই টাকা দিতে অপারগতার কথা জানায় জুভেন্টাস।
রোনালদো জুভেন্টাসের কাছ থেকে যা পাচ্ছেন, সেটি তার দাবি করা অর্থের অর্ধেক। জুভেন্টাসের কাছে এক কোটি ৯৫ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
২০২১ সালে জুভেন্টাস ছাড়ার পর রোনালদো ইউনাইটেডে ছিলেন দেড় মৌসুমের মতো। এরপর ২০২৩ সালের শুরুতে নাম লেখান সৌদি আরবের ক্লাব আল নাসেরে।








