ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ কিয়েরেন রিচার্ডসন মনে করেন, রোনালদোর চেয়ে ভালো খেলোয়াড় লিওনেল মেসি। পর্তুগীজ মহাতারকার সঙ্গে চার বছর খেলা সাবেক ইংলিশ উইঙ্গার গণমাধ্যমে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন।
‘তারা উভয়েই সর্বকালের সেরা। কিন্তু আমাকে যদি দুজনের মধ্যে একজনকে বেছে নিতে বলেন, আমি মেসিকেই বেছে নিবো। যদিও আমি রোনালদোকে জানি, তার সঙ্গে খেলেছি, তাকে ভালোবাসি।’
মেসির বিশ্বকাপ জেতা ও রোনালদোর না জেতা প্রসঙ্গে রিচার্ডসন বলেছেন, ‘যখন তারা মারা যাবে, তখনও তাদের নিয়ে কথা হবে, কারণ মেসি বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ জেতা অনেক বড় একটি ব্যাপার। কিন্তু এখনও রোনালদো বিশ্বকাপ জেতেনি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৮১ ম্যাচ খেলেছেন রিচার্ডসন। এরমধ্যে ৪০টি ম্যাচে রোনালদোর সঙ্গে খেলেছেন। ২০০৯ সালে রেড ডেভিল ডেরা ছাড়েন, ২০১৭ সালে ৩৩ বছর বয়সে অবসর নেন।







