চোটের কারণে সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে যায় আল নাসের। এবার রোনালদো ফিরেও ঠেকাতে পারেননি হার। পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল তাউনের বিপক্ষে ২-০তে হেরেছে আল নাসের। টানা দুম্যাচ হেরে লিগের শুরুতেই চাপে পড়তে হল রোনালদো বাহিনীকে।
নতুন মৌসুম শুরু আগে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে শিরোপা জিতে সূচনাটা ভালোই করেছিল আল নাসের। শিরোপা নির্ধারণী ম্যাচে চোটে পড়েন ৩৮ বর্ষী রোনালদো। যে কারণে লিগের শুরুর ম্যাচে খেলতে পারেননি। গত রাতে ফিরলেও শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে হতাশা নিয়ে।
গোলের জন্য অবশ্য দারুণ একটি সুযোগ মিস করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ম্যাচের শেষ বাঁশি বাজানোর আগে তাউনের ডি-বক্সের বাঁ-প্রান্ত থেকে রোনালদোর নেয়া জোরাল শট গোলপোস্টে লেগে ফিরে আসে। দুর্দান্ত শটটি সমর্থকরা উপভোগ করলেও রোনালদোকে পুড়িয়েছে গোল না আসায়।
ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আল নাসেরই। শুধু কোনো গোলের দেখা পায়নি ক্লাবটি। এদিন আল নাসের ৬১ শতাংশ বলের দখল রেখে শট নেয় ২৪টি, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২০ মিনিটে লেয়ান্দ্রো তাওয়াম্বার গোলে লিড নেয় তাউন। দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আহমেদ বাহউসাইন। ২-০ গোলের জয়ের মধ্য দিয়ে লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পায় তাউন। প্রথম ম্যাচে আল ফাতেহর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ক্লাবটি।








