চলতি মৌসুমে চমৎকার ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাব, সবখানেই সমান তালে গোল করে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। এবার আল নাসেরের হয়ে দুর্দান্ত এক গোল করেছেন সিআর সেভেন।
আল আওয়াল পার্ক স্টেডিয়ামে শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয় আল নাসের ও আল ওখদুদ। এদিন জোড়া গোল করেন রোনালদো। অপর গোলটি করেন সামি আল নাজি।
ম্যাচের ১৩ মিনিটে ডিফেন্ডার সুলতান আল ঘানামের পাসে বল পেয়ে লক্ষ্যভেদে স্বাগতিকদের লিড এনে দেন আল নাজি। খানিক পরই গোল পেতে পারতেন রোনালদো। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির পর ৭৭ মিনিটে দারুণ শটে অবশ্য গোল করে রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন।
তিন মিনিটের ব্যবধানে দলের হয়ে তৃতীয় ও ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ৩৮ বর্ষী ফুটবলার। দারুণ এই নিশানাভেদটি ওখদুদের খেলোয়াড়দের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
আল নাসেরের আক্রমণের সময় প্রতিপক্ষের গোলরক্ষক পাওলো ভিটোর গোললাইনে না থেকে অনেকটা উপরে উঠে আসেন। সেই সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে সিআরসেভেন বল পাঠান জালে।
Unforgettable moment 🎬🔥 pic.twitter.com/vgcxs8JiVD
— AlNassr FC (@AlNassrFC_EN) November 24, 2023
এ জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসের। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী আল হিলাল।








